টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে হাফেজ আরিফ উল্লাহ (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আরিফ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমান উল্লাহর ছেলে। তিনি টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মাদ্রাসা থেকে ৩৫ জন শিক্ষার্থীর একটি দল মহেশখালীয়াপাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে যায়। সেখানে শিক্ষার্থীদের কেউ ফুটবল খেলছিলেন, আবার কেউ সাগরে গোসল করছিলেন।
গোসলের একপর্যায়ে বড় ঢেউয়ের ধাক্কায় আরিফ উল্লাহ সাগরে পড়ে যান। এ সময় তার সহপাঠী সাইদি তাকে হাত ধরে উদ্ধারের চেষ্টা করেন। তবে সাগরের তীব্র স্রোতের কারণে তাকে ধরে রাখা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই তিনি স্রোতের সঙ্গে ভেসে যান।
ঘটনার পর সহপাঠী, স্থানীয় বাসিন্দা ও স্বজনরা সৈকতের বিভিন্ন অংশে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার তৎপরতায় যুক্ত হন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আরিফ উল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরিফ উল্লাহর বাবা আমান উল্লাহ বলেন, ‘আমার ছেলে মাদ্রাসা থেকে ৩৫ জনের সঙ্গে সমুদ্র সৈকতে গিয়েছিল। গোসলের সময় ঢেউয়ের ধাক্কায় সে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা একজন তাকে ধরার চেষ্টা করেও স্রোতের কারণে রাখতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করেও এখনো তার সন্ধান পাওয়া যায়নি।’
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিম মিয়া বলেন, ‘একজন মাদ্রাসাছাত্র সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।’
নিখোঁজ আরিফ উল্লাহকে উদ্ধারে পরিবারের সদস্যরা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন।