Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের কঠোর নির্দেশনা হোয়াইট হাউস ছাড়ছেন ক্যারোলিন লেভিট, উত্তরসূরি হওয়ার দৌড়ে যারা দেশের বাজারে কমল সোনার দাম যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়ানোর দল: এমপি সাকিলা ফারজানা চলতি অর্থবছরেই শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি টেকনাফে সাগরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৬:১২ পিএম
লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি

আড়াই বছরের ফুটফুটে শিশু মো. শাকিব। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে সে। জ্বর, সর্দি, ঠান্ডা, অ্যালার্জি এবং শ্বাসকষ্টসহ একের পর এক সমস্যায় কাটছে তার ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্ত। সন্তানকে সুস্থ করে তুলতে বাবা-মা ছুটেছেন এক চিকিৎসকের কাছ থেকে অন্য চিকিৎসকের কাছে। শেষমেশ ধরা পড়ে তার হার্টের সমস্যা। যখন তার হার্টের ব্যথা শুরু হয় তখন অসহনীয় যন্ত্রণায় কাঁদে শিশু শাকিব।

সে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার ছফর আলী মুন্সি বাড়ির মো. বাচ্চুর ছেলে। বাচ্চু পেশায় একজন মাইক্রোবাস চালক। সীমিত আয়ে কোনো রকমে চলে তার সংসার। কিন্তু সন্তানের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে ইতোমধ্যে তিনি ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। এখন শাকিবের চিকিৎসা ব্যয় জোগাতে মহাদুশ্চিন্তায় বাবা-মা।

শিশু শাকিবের বাবা বাচ্চু জানান, শাকিব জন্মের পর থেকেই অসুস্থ থাকায় প্রথমে লালমোহনের শিশু চিকিৎসকদের পরামর্শ নিই। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ছেলেকে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে নিই। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসা দেয়া হয়। কিন্তু এরইমধ্যে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে আমাকে ধারদেনা করতে হয়েছে। একপর্যায়ে অর্থের অভাবে নির্ধারিত সময়ে আর ছেলেকে ঢাকায় নিতে পারিনি। কিছুদিন পর শাকিবের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। কখনো তার শরীর নীল হয়ে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। অসহ্য কষ্টে সারারাত চিৎকার করে কাঁদে সে। শাকিবের এই কান্না, অসুস্থতা আর অর্থের সংকট- সব মিলিয়ে এখন অসহায় হয়ে পড়েছি। তবুও আবার দেনা করে শাকিবকে নিয়ে ঢাকার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের একজন চিকিৎসকের কাছে গেলে তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, শাকিবের হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রক্তনালি চিকন হয়ে গেছে। যার জন্য দ্রুত অপারেশন করতে হবে। দেরি হলে শাকিবের অবস্থা আরও খারাপ হতে পারে।

তিনি আরও জানান, চিকিৎসার জন্য এখন প্রথম পর্যায়ে অপারেশন করতে অন্তত ৬ লাখ টাকা প্রয়োজন। এরপর শাকিবের বয়স ৬-৭ বছর হলে আরও একটি অপারেশন করতে হবে। চিকিৎসক জানিয়েছেন- প্রথম অপারেশনটি করা গেলে আমার ছোট্ট ছেলে শাকিব কিছুটা সুস্থ হয়ে উঠবে, ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। কিন্তু সামান্য আয়ের একজন মাইক্রোবাস চালক হয়ে আমার পক্ষে এত টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব। সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে বিভিন্ন এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছি। এছাড়া আমার সহায়-সম্বল বলতে রয়েছে শুধু বসতভিটাটিই।

একদিকে অসুস্থ সন্তানের কষ্ট, অন্যদিকে ঋণের বোঝা- এই কঠিন পরিস্থিতিতে মানুষের সহযোগিতা চাওয়া ছাড়া আর কোনো পথ নেই আমার কাছে। তাই সরকারি-বেসরকারি সংস্থা ও দেশ-বিদেশের হৃদয়বান এবং বিত্তবান মানুষ ও মানবিক সংগঠনগুলোর কাছে শাকিবের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করছি। সবার সামান্য আর্থিক সহযোগিতাও শাকিবের চিকিৎসার জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাকিবের চিকিৎসা ও অপারেশনের জন্য সহযোগিতা করতে ০১৭১৬৮৩৯৭৮৭ (বিকাশ ব্যক্তিগত) এই নম্বরে যোগাযোগের অনুরোধ করছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে জন্মগত হৃদরোগীদের জন্য বর্তমানে সরকারের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদানের ব্যবস্থা রয়েছে। শিশু শাকিবের কাগজপত্র অনলাইনে আবেদন করে লালমোহন সমাজসেবা অফিসে জমা দিলে কাগজপত্রগুলো ভোলা অফিসে প্রেরণ করা হবে। ভোলা অফিস অনুমোদন করলে শাকিবের পরিবারকে চিকিৎসার জন্য অনুদানের চেক প্রদান করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)