স্টাফ রিপোর্টার
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের প্রচারণাকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে আখ্যায়িত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।
শুক্রবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপুর বাবনপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাকিলা ফারজানা বলেন, আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়ানোর দল। তারা রাষ্ট্রক্ষমতায় থাকার সময়ও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বিশ্বাস করার কোনো কারণ নেই। বর্তমানে বাংলাদেশের মানুষ গণতন্ত্র উপভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী সরকার আখ্যা দিয়ে তিনি বলেন, দমন-পীড়ন, মামলা, হত্যা ও গুম ছিল তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তারা দেশে ফেরার বিষয়ে নানা ধরনের বক্তব্য দেবে। এসব কথায় বিশ্বাস করার কোনো কারণ নেই।
কবর জিয়ারত শেষে সাকিলা ফারজানা শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগমসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, বিএনপি নেতা মিজানুর রহমান লুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।