জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাবার দাফন সম্পন্ন করে রাতেই কর্মস্থলে ফিরে এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইসমাইল ইকনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাকে এক লাখ টাকা আর্থিক সহায়তা ও পূর্ণ বেতনে এক মাসের ছুটি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কৃষি ব্যাংকের বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ে খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা জগলুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি ব্যাংক জানায়, ইকনকে এক লাখ টাকা আর্থিক সহায়তার পাশাপাশি পূর্ণ বেতনসহ এক মাসের ছুটি দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তার শিক্ষা ও প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছে ব্যাংক।
খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া বলেন, ইকনের বাবার মৃত্যুতে ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। প্রধান কার্যালয়ের নির্দেশনা এবং ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর পক্ষ থেকে তাকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজনে ইকনের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এদিকে জেলা প্রশাসকসহ দেশ-বিদেশের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান ইকনের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। শিক্ষামন্ত্রীর দপ্তর থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া স্থানীয় লতিফ মাস্টার ফাউন্ডেশনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ইসমাইল ইকন বলেন, “বাবা মারা যাওয়ার পর জীবনটা আরও কঠিন হয়ে গেছে। বাবার শোক, চাকরি ও পরীক্ষা—সবই একসঙ্গে সামলাতে হয়েছে। তবে এই কঠিন সময়ে প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আমার খোঁজ নিয়েছে। শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছে, জেলা প্রশাসক আর্থিক সহায়তা করেছেন, লতিফ মাস্টার ফাউন্ডেশন পাশে থাকার আশ্বাস দিয়েছে। কৃষি ব্যাংক এক লাখ টাকা সহায়তা দেওয়ার পাশাপাশি পূর্ণ বেতনে এক মাসের ছুটি দিয়েছে। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
উল্লেখ্য, মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া (৪৫) অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই কর্মস্থলে ফিরে যান ইকন। পরদিন বুধবার (২২ জুলাই) তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।