স্টাফ করেসপন্ডেন্ট
পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
তিনি বলেছেন, ‘খুনি হাসিনা ও তাঁর ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে। সারা দেশে ফ্যাসিস্টবিরোধী শক্ত দুর্গ গড়ে তুলুন। খুনির দলের কাউকে এই মাটিতে পুনরুত্থিত হতে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা। আমার বোন, আমাদের সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি।’
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন আবিদুল ইসলাম খান।
পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের সামগ্রিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এবার পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যাদের হাতে হাজারো ভাইবোনের রক্ত লেগে আছে, তাঁরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই সক্রিয় হতে দেবেন না বলেও উল্লেখ করেন তিনি।
নুসরাতকে জুলাইয়ের কন্যা, নিজের বোন ও সহযোদ্ধা উল্লেখ করে আবিদুল লেখেন, তাঁরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে রয়েছেন। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট জননী’ আখ্যা দিয়ে আবিদুল মন্তব্য করেন, তিনি এ দেশের মাটি ও মানুষের কেউ নন।
তিনি আরও লেখেন, দেশের হাজার হাজার মানুষকে হত্যার পরও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর ফাঁসি কার্যকর করার দাবিও জানান তিনি।