স্টাফ করেসপন্ডেন্ট
সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের (এমপি) স্ত্রী, ছেলে, ভাগ্নি ও অন্যান্য স্বজনদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কিনা, কৃষিমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।
বুধবার (১১ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কৃষিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ।
বিকেল ৪টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।’
হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে এক ধরনের মহোৎসব হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনও কোনও এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলেও অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। কিন্তু এখন একই ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে তার অভিযোগ।
কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে হাসনাত আবদুল্লাহ বলেন, ডিলারশিপে সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নিরা সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।