Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● কয়েকটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন নয় ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ ● শিগগিরই বিদ্যুৎ বা আর্থিক ব্যবস্থা অচল করে দিতে পারে এআই, ‘এটি না বানালেই হয়তো ভালো হতো’: হিন্টন ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ী হবে: জয়সওয়াল ● ‘মাত্র সালাম দিলাম, ওয়ালাইকুম সালাম শোনার আগেই তুলে দিলেন’: স্পিকার ● পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন: রিজভী ● নিম্ন রাজস্ব আহরণ ও ঋণের বাড়তি চাপে কঠিন চ্যালেঞ্জের মুখে সরকার ● ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ● জ্বালানি-সার সংকট, গঙ্গা চুক্তি ও শ্রমিক অসন্তোষ নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধীদের ● জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর,২০২৬, ০৬:১৩ পিএম
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন: রিজভী

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তিনি কীভাবে পাসপোর্ট ও এনআইডি পাবেন?

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ২০২৪ সালে একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতন হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অথচ এখন বলা হচ্ছে, তিনি পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করবেন। একজন পলাতক ব্যক্তি কীভাবে এসব সুযোগ পাবেন, সেই প্রশ্নের জবাব দিতে হবে।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এমনকি তিনি লন্ডনে বক্তব্য দিলেও তা প্রচার করা যাবে না বলে বলা হয়েছিল। তখন তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। তাহলে এখন একজন পলাতক ব্যক্তির পাসপোর্ট ও এনআইডি পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে?

তারেক রহমানের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তারেক রহমান পলাতক ছিলেন না। তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। তিনি প্রায় পঙ্গুত্বের পর্যায়ে চলে গিয়েছিলেন। চিকিৎসার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা সবার চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, আবু সাঈদের রক্ত, আহনাফের রক্ত, মুগ্ধর রক্ত এবং ১ হাজার ৪০০ শিশু-কিশোর ও তরুণের আত্মত্যাগের স্মৃতি এখনো মুছে যায়নি। মানবতাবিরোধী অপরাধের বিচার আইন ও সংবিধান অনুযায়ী নিশ্চিত করতে হবে।

রিজভী বলেন, সত্যকে জনগণের সামনে উন্মুক্ত করা এবং আইনের শাসন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। এ নির্বাচনে আমি-ডামি কিংবা মিডনাইট নির্বাচনের মতো পরিস্থিতি ছিল না। সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে। আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সেই নীতিই বাস্তবায়ন করবে।

বিজ্ঞান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করে রিজভী বলেন, তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা ও সৃজনশীলতা অত্যন্ত সম্ভাবনাময়। তাদের মধ্যে ভবিষ্যতের আইনস্টাইন ও নিউটন হওয়ার মতো প্রতিভা রয়েছে। এসব তরুণ একদিন বিজ্ঞানী হয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)