নিজস্ব প্রতিবেদক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ছবি:
জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়; এটি সব রাজনৈতিক দল, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রামের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ ‘জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের চূড়ান্ত পরিণতি। এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসমাজ এবং সাধারণ মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। তাই এর কৃতিত্ব এককভাবে কারও নয়।
তিনি বলেন, “যদি শেখ হাসিনার পতন না ঘটত এবং জুলাই আন্দোলন ব্যর্থ হতো, তাহলে আমাদের অনেকেরই ফাঁসির মঞ্চে যেতে হতো।”
জুলাই গণঅভ্যুত্থানকে ঐতিহাসিক আন্দোলন উল্লেখ করে রিজভী বলেন, “এমনকি ফরাসি বিপ্লবের তুলনায়ও জুলাই বিপ্লব কোনো অংশে কম নয়।”
বিএনপির এই নেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের উদ্দেশে বলেন, তারা যেন শেখ হাসিনার রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ না করেন। রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এত জুলুম-নির্যাতনের শিকার হওয়ার পরও আমরা অশালীন ভাষা ব্যবহার করিনি।”
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের চিন্তা-ভাবনায় পরিচালিত হচ্ছে। তিনি আরও মন্তব্য করেন, “ফেসবুকে সরকার গঠন করা গেলেও রাষ্ট্র পরিচালনা করা যায় না।”
সভায় জুলাই আন্দোলনে নার্সদের ভূমিকার প্রশংসা করা হয় এবং তাদের অবদান স্মরণ করে বক্তারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্বাস্থ্যকর্মীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।