নিজস্ব প্রতিবেদক
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াতে ইসলামী। তিনি প্রশ্ন রেখে বলেন, “ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত।”
সোমবার ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “এখন বিভিন্নভাবে ভিডিও বের হচ্ছে। সরকারি দলের নেতা কিংবা আমরা যারা জোটে আছি, তাদের নিয়ে বিভিন্ন ফটোকার্ড ও ভিডিও তৈরি করা হচ্ছে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে আন্দোলন-সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। কারণ, ১৭ বছরের ফ্যাসিবাদ জনগণ হটিয়েছে। এখন একটি সরকারের ছয় মাসও পূর্ণ হয়নি, এর মধ্যেই সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হচ্ছে।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “ধরুন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর দেশ ও রাষ্ট্র কে চালাবে? এই মুহূর্তে এমন একটি ভূরাজনৈতিক সংকটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”
এ সময় নুরুল হক নুর অভিযোগ করেন, এনসিপি বর্তমানে দেশের রাজনীতিতে ‘বিষফোঁড়া’ হয়ে উঠেছে। তিনি বলেন, “এনসিপি এখন বিরোধী দলে আছে, তাদের রাজনীতি শিখতে হবে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, না হলে দেশের আরও সংকট তৈরি হবে।”
তার দাবি, “এনসিপি নিজেদের বুদ্ধি ও শক্তিতে রাজনীতি করছে না। আন্দোলনের শেষদিকে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়ে গেলে একটি বিদেশি গোষ্ঠী তাদের ওপর ভর করেছে। এখন তাদের দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে জিম্মি করে ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “এনসিপি এখন রাজনীতিতে বিষফোঁড়ায় পরিণত হয়েছে। এই বিষফোঁড়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”