নিজস্ব প্রতিবেদক
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০ শিশু।
সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৬ শিশু। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৭ জনে।
একই সময়ে নতুন করে ১১৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৭ শিশু। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৯০৬ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
এ পর্যন্ত (১৫ মার্চ থেকে ৩ আগস্ট) দেশে মোট ১ লাখ ৩১ হাজার ৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৪০৮। এদের মধ্যে মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৯ হাজার ১৮৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।