নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)।
সোমবার (৩ আগস্ট) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
একই অনুষ্ঠানে তিনি ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সময়ের চাহিদা বিবেচনায় নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষা সমন্বিতভাবে পরিচালিত হবে। এর মাধ্যমে জ্ঞান, নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আইএসপিআর জানায়, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট ভবিষ্যতে শিক্ষা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ বিকাশের একটি উৎকৃষ্ট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।