নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে ‘ভণ্ডের বন্দোবস্ত’ কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি দাবি করেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, “এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। জামায়াত একটি চালাক ও ধুরন্ধর রাজনৈতিক দল। তারা একদিকে স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য দেয়, আবার মাঠে গিয়ে গণঅভ্যুত্থানের হুমকি দেয়। একই সঙ্গে এনসিপির নেতাদের দিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে কটূক্তি করানো হয়।”
তিনি আরও বলেন, “এনসিপির নেতাদের বলব, আপনারা যদি দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।”
এ সময় জামায়াত ও এনসিপির সব ধরনের ‘ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
এর আগে ঝিনাইদহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বক্তব্য দেন।
সভায় জেলার উন্নয়ন সম্ভাবনা, চলমান বিভিন্ন প্রকল্প এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। রাশেদ খাঁন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণ করেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।