স্টাফ করেসপন্ডেন্ট
দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, গত ৩১ আগস্ট ঘোষিত ভোটার সংখ্যার তুলনায় ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। এই হালনাগাদ ভোটার তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ইউপি নির্বাচন নিয়ে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এ সংলাপে অংশ নিতে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।