স্টাফ করেসপন্ডেন্ট
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারে প্রায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক রয়েছে। দ্বৈত ভোটার নিবন্ধন, বায়োমেট্রিক তথ্যের অসংগতি, সফটওয়্যার জটিলতা, আদালতের নির্দেশনা ও বিভিন্ন সংস্থার তদন্তের কারণে এসব পরিচয়পত্র লক করা হয়েছে।
এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইসহ কয়েকজন আলোচিত ব্যক্তির এনআইডিও লক রয়েছে।
বৃহস্পতিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে প্রায় ৩৫ হাজার এনআইডি লক অবস্থায় রয়েছে। এর মধ্যে দ্বৈত নিবন্ধন, তথ্য যাচাইয়ের জটিলতা এবং আইনি ও প্রশাসনিক কারণও রয়েছে। এনআইডি লক থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন নাগরিক সেবা নিতে পারছেন না।
এ সমস্যা সমাধানে উপজেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনার উপযোগী নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে ইসি। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সফটওয়্যারটি চালু হলে উপজেলা পর্যায় থেকেই এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব হবে।
শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৯ সদস্যের এনআইডি লক
২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের আরও ৯ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি প্রকাশ্যে আসে ওই বছরের ২১ এপ্রিল।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তৎকালীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এসব এনআইডি লক করা হয়েছিল।
শেখ হাসিনা ছাড়া যাঁদের এনআইডি লক করা হয়েছে, তাঁরা হলেন তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের ভাই তারিক আহমেদ সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক।
ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানিয়েছিলেন, মহাপরিচালকের মৌখিক নির্দেশেই এসব এনআইডি লক করা হয়। পরিচয়পত্রগুলোর তথ্য সঠিক থাকলেও লক থাকায় সেগুলো ব্যবহার করে এনআইডি-নির্ভর সেবা নেওয়া সম্ভব নয়। তবে এনআইডি লক হওয়া মানেই সংশ্লিষ্ট ব্যক্তির ভোটাধিকার বাতিল হওয়া নয়।
সাবেক সেনাপ্রধানের দুই ভাইয়ের চার এনআইডি বাতিল
২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের চারটি এনআইডি বাতিল করে ইসি। তাঁদের প্রত্যেকের নামে দুটি করে পরিচয়পত্র ছিল।
ইসির তদন্তে উঠে আসে, নাম ও বাবা-মায়ের পরিচয়সহ বিভিন্ন তথ্য পরিবর্তন করে অনিয়মের মাধ্যমে এসব এনআইডি নেওয়া হয়েছিল। তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, হারিস আহমেদ নিজের নাম পরিবর্তন করে মোহাম্মদ হাসান এবং জোসেফ তানভীর আহমেদ তানজীল নামে পরিচয়পত্র নিয়েছিলেন। পরে তাঁদের চারটি এনআইডিই বাতিল করা হয়।
এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত ও আদালতের নির্দেশনার পর সাবেক এনআইডি মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও তাঁর স্ত্রী এবং সাবেক ডিআইজি মো. আবদুল বাতেন ও তাঁর স্ত্রী নূরজাহান আক্তার হীরার এনআইডিও ব্লক করা হয়।
দ্বৈত ভোটার ও বায়োমেট্রিক জটিলতায়ও লক হয় এনআইডি
ইসি সূত্র জানায়, ভুলবশত কিংবা ইচ্ছাকৃতভাবে একাধিকবার ভোটার নিবন্ধন করলে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি লক হতে পারে। এ ধরনের ঘটনা শনাক্তের পর যাচাই-বাছাই করে সাধারণত প্রথমবার ইস্যু করা পরিচয়পত্র বহাল রাখা হয় এবং পরবর্তী পরিচয়পত্র বাতিল করা হয়।
২০২৫ সালের মে মাসে ইসির তৎকালীন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছিলেন, ৫৮৬ জনের দুটি করে এনআইডি থাকার বিষয়টি শনাক্ত করা হয়েছে। তাঁদের দ্বিতীয় পরিচয়পত্র বাতিল করে প্রথম এনআইডি বহাল রাখা হয় এবং সেটি আনলক করে দেওয়া হয়।
এ ছাড়া বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের জটিলতা, আঙুলের ছাপের অসংগতি ও সফটওয়্যারজনিত সমস্যার কারণেও এনআইডি-সংক্রান্ত সেবা আটকে যেতে পারে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো অনিয়ম না থাকলেও পরিচয় যাচাইয়ের জটিলতায় ভোগান্তিতে পড়তে হয়।
ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, আদালতের আদেশ, দ্বৈত ভোটার নিবন্ধন ও বায়োমেট্রিক তথ্যের অসংগতির কারণে এনআইডি লক হতে পারে। এ ছাড়া কমিশনের সিদ্ধান্তেও কোনো ব্যক্তির এনআইডি লক করা হয়।
তিনি জানান, এনআইডি লক ও আনলকের বিষয়ে ইসির সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে এ ধরনের সমস্যা সমাধানে প্রক্রিয়াগত জটিলতা তৈরি হয়।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, এসব সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি চালু হলে উপজেলা পর্যায় থেকেই সংশ্লিষ্ট সমস্যার সমাধান করা সম্ভব হবে। বর্তমানে কোনো নাগরিক অভিযোগ জানালে তা যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী এনআইডি আনলক করা হচ্ছে।
এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের প্রস্তাব কমিশনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।