Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● লালমোহনে মাদকবিরোধী অভিযানে আটক ৩ ● ভারপ্রাপ্ত প্রধান দিয়ে চলছে লালমোহনের ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয় ● লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে ভারতের হার ● স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি ● ৩২ হাজার টাকার প্রস্তাব: ২১০ কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা ● শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক ● প্রধানমন্ত্রীর দায়িত্বে আসার আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব ● বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে দিল্লি ● নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জনের নামে মামলা ● নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৩২ হাজার টাকার প্রস্তাব: ২১০ কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১১:৩৫ এ এম
৩২ হাজার টাকার প্রস্তাব: ২১০ কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা

দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। একদিকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়ে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে, অন্যদিকে উৎপাদন ব্যাহত হওয়া, ভাঙচুর ও নিরাপত্তাঝুঁকির কথা তুলে ধরে কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা।

কোথাও শ্রমিকরা কাজে যোগ দিয়েও উৎপাদনে অংশ নিচ্ছেন না, কোথাও কর্মবিরতি চলছে। আবার কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশও দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে শ্রমিকদের কর্মসংস্থান ও আয়ের অনিশ্চয়তার পাশাপাশি বিদেশি ক্রয়াদেশ, রফতানি আয় এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের অবস্থান নিয়েও উদ্বেগ বাড়ছে। মালিক ও শ্রমিকদের মধ্যে চলমান বিরোধ আলোচনার মাধ্যমে কীভাবে সমাধান করা যায়, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।

২১০ কারখানা বন্ধের চিন্তা, ইতোমধ্যে বন্ধ সাতটি
শ্রমিক অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা ভাবছেন মালিকরা। গত বুধবার (১১ নভেম্বর) এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী শনিবার (১৪ নভেম্বর) সব সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানিয়েছেন, বৈঠকে উপস্থিত শিল্পমালিকদের পরামর্শ অনুযায়ী ২১০টি কারখানা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবারের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, বুধবার আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। অনেক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়েও কাজে অংশ নেননি। কেউ কার্ড পাঞ্চ করে কর্মস্থল ত্যাগ করেছেন, আবার কেউ কর্মবিরতি পালন করেছেন। কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ১১ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।

এরই মধ্যে সাভার ও আশুলিয়ার সাতটি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানার মধ্যে অরুণিমা গ্রুপের তিনটি, নিউএজ গ্রুপের তিনটি এবং জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের একটি রয়েছে।

শ্রমিকদের আন্দোলন অব্যাহত, সড়কে বিক্ষোভ
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনও থেমে নেই। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ পরিস্থিতিতে মৌচাক ও আশপাশের ৮ থেকে ৯টি কারখানায় ছুটি ঘোষণা করেন মালিকরা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়েই বেরিয়ে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

মজুরি বোর্ডের আলোচনার মধ্যেই বাড়ছে দূরত্ব
শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি পরবর্তী সভায় তাঁদের প্রস্তাব উপস্থাপনের কথা জানিয়েছেন।

বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন শ্রেণির শ্রমিক-কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি নিয়ে আলোচনা চলার পাশাপাশি বিশৃঙ্খলাও চলতে পারে না। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। মালিকপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। তবে একই সঙ্গে কারখানার স্বাভাবিক উৎপাদন ও শৃঙ্খলা নিশ্চিত করাও জরুরি।
সংকটে পুরো পোশাকশিল্প
শ্রমিকদের আন্দোলন এবং কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের প্রভাব পড়ছে দেশের তৈরি পোশাকশিল্পে। উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকরা কর্মদিবস ও আয় হারাচ্ছেন। অন্যদিকে মালিকদের কারখানা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, ব্যাংকঋণের কিস্তি, নিরাপত্তা ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। উৎপাদন বন্ধ থাকলেও এসব ব্যয় অব্যাহত রয়েছে।

বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে পণ্য উৎপাদন ও সরবরাহ করা সম্ভব না হলে ক্রেতারা মূল্যছাড় চাইতে পারেন, ক্রয়াদেশ বাতিল করতে পারেন কিংবা ভবিষ্যতের অর্ডার অন্য দেশে সরিয়ে নিতে পারেন।

আশুলিয়া ও সাভার এলাকায় হা-মীম, নিউএজ, অনন্ত গার্মেন্টস, স্টার্লিং, এনভয়, ইসলাম ও ডেকোর মতো বড় পোশাকশিল্প প্রতিষ্ঠান রয়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, এসব এলাকায় প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। ফলে ২১০টি কারখানা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান ও আয় অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্য কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন স্থানান্তর করলেই সমস্যার সমাধান হবে না। বিদেশি ক্রেতাদের নির্ধারিত কারখানা, উৎপাদনপ্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণের শর্ত থাকে। ফলে বিকল্প কারখানায় কাজ করানো কঠিন। সময়মতো পণ্য পাঠাতে না পারলে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানোর প্রয়োজন হতে পারে। এমনকি ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিও রয়েছে।’

বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল মনে করেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবেই এগোচ্ছে। মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরা মজুরি বোর্ডে নিজেদের প্রস্তাব ও বক্তব্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, ‘এ ধরনের বিশৃঙ্খলায় সবাই ক্ষতিগ্রস্ত হন। ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন, শ্রমিকরা কর্মদিবস হারান এবং সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। একইসঙ্গে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশকে পোশাকের সোর্সিং গন্তব্য হিসেবে বিবেচনার ক্ষেত্রেও নেতিবাচক ধারণা তৈরি হয়। এ ধরনের ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন।’

মহিউদ্দিন রুবেল আরও বলেন, ‘মালিকপক্ষ বরাবরই মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়েছে। এবারও এমন একটি মজুরি নির্ধারণ করা হবে— যা শ্রমিক, ব্যবসায়ী ও দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে আশা করি। যারা নতুন মজুরি দিতে সক্ষম, তারা ব্যবসা চালিয়ে যাবেন। আর যারা সক্ষম নন, তাদের জন্য সরকারের সহায়তা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।’

তাঁর মতে, কোনো পক্ষের দাবি বা অভিযোগ থাকলে সংগঠন ও প্রতিনিধিদের মাধ্যমে আলোচনায় আসা উচিত। বিশৃঙ্খলা কখনোই সমাধানের পথ হতে পারে না। আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান করতে হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই ভবিষ্যৎ নির্ভর করছে মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক আস্থা, সমঝোতা ও সহযোগিতার ওপর। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনযাত্রার মান নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি উদ্যোক্তাদের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং ব্যবসা পরিচালনার নানা চ্যালেঞ্জও বিবেচনায় নিতে হবে। মালিক ও শ্রমিকের স্বার্থ একে অপরের পরিপন্থী নয়; বরং উভয় পক্ষই পরস্পরের ওপর নির্ভরশীল। শ্রমিক অসন্তোষ কিংবা উৎপাদন ব্যাহত হলে শেষ পর্যন্ত মালিক ও শ্রমিক— দুই পক্ষকেই ক্ষতির মুখে পড়তে হয়।’

তিনি বলেন, ‘এ পরিস্থিতি থেকে উত্তরণে মালিক ও শ্রমিকের মধ্যে নিয়মিত সংলাপ, স্বচ্ছ প্রক্রিয়ায় মজুরি নির্ধারণ এবং শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদেরও পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। সরকারকে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং শ্রমিক-মালিক বিরোধ নিষ্পত্তিতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।’

ড. ফাহমিদা খাতুনের মতে, সংঘাত নয়; বরং পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতেই তৈরি পোশাক খাতের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)