নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজ এবং নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উদ্বোধন করা হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওসমানী উদ্যান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্যানটির আধুনিকায়ন কাজ ও নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর নগরবাসী আধুনিক ও দৃষ্টিনন্দন ওসমানী উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন।
উদ্যানটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে মানুষ হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারেন। জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানটিতে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।
এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করতে পারবেন।
সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের আধুনিকায়নের অংশ হিসেবে রাখা হয়েছে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের জন্য খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব সুবিধা চালুর মাধ্যমে ওসমানী উদ্যান রাজধানীবাসীর অবসর বিনোদন, শরীরচর্চা ও পরিবার নিয়ে সময় কাটানোর অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হবে।