নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছবি:
রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করাই সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে। তবে যেসব খাতে ব্যয় করা প্রয়োজন, সেসব ক্ষেত্রে অবশ্যই ব্যয় করা হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য অতীতে ফিরে যাওয়া নয়, বরং সামনে এগিয়ে যাওয়া। সেজন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় সরকার।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদেরকে যদি সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে সকলকে একত্রিত কাজ করতে হবে, একত্রে যেতে হবে।”
সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থান নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।