আন্তর্জাতিক ডেস্ক
হাকাইন্দে হিচিলেমা।
ছবি:
কারচুপি ও জালিয়াতির অভিযোগের মধ্যেই অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় মেয়াদে জাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন হাকাইন্দে হিচিলেমা। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফল অনুযায়ী, মোট বৈধ ভোটের প্রায় ৬০ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হিচিলেমা। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রায়ান মুন্ডুবিলে পেয়েছেন ৩৮ শতাংশ ভোট।
হিচিলেমার জন্য এটি ছিল সপ্তম প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে তাঁর এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি ছিল। অন্যদিকে বিরোধী প্রার্থী মুন্ডুবিলের জন্য এটি ছিল প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।
গত ১৩ আগস্ট ভোটগ্রহণের আগে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও ভোটের দিন থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভোটের রাতে মুন্ডুবিলের উপস্থিতিতেই অভিযান চালিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় বিরোধী দলের কয়েকজন শীর্ষ নেতাসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
পরদিন বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা ও ব্যালট পেপার ছিনতাইয়ের খবর পাওয়া যায়। এসব ঘটনায় কয়েক ঘণ্টা ভোট গণনা স্থগিত রাখতে বাধ্য হয় নির্বাচন কমিশন।
বিরোধী নেতা ব্রায়ান মুন্ডুবিলে অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলের কাগজপত্রে জালিয়াতি বা পরিবর্তন করা হয়েছে। তিনি ঘটনার দ্রুত স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
তবে হিচিলেমার শিবির এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রত্যাখ্যান করেছে।
সূত্র: আল-জাজিরা