নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান রেজানুর রহমান।
ছবি:
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রেজানুর রহমানকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, এর আগে বিপিসির সাবেক চেয়ারম্যান আমিন উল আহসানকেও একইভাবে ওএসডি করা হয়েছিল।
এদিকে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে, জ্বালানি খাত বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ এবং পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির সংক্ষিপ্ত তালিকায় (শর্টলিস্ট) কয়েকটি প্রভাবশালী প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত না করা নিয়ে তিনি চাপের মুখে ছিলেন। এছাড়া বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের উদ্যোগ নিয়েও সমালোচনা ছিল।
তবে এসব বিষয়ের সঙ্গে তার ওএসডি হওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।