নিজস্ব প্রতিবেদক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ছবি:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান ডিজিটাল যুগে নিরাপত্তার ধারণায় মৌলিক পরিবর্তন এসেছে। এখন কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার চেয়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।
বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তথ্য এখন রাষ্ট্র ও সমাজের অন্যতম বড় শক্তি। প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে নিরাপত্তা, যোগাযোগ ও প্রতিরক্ষার ধারণা বদলে গেছে। একসময় যেখানে সীমান্ত পাহারা বা নিরাপত্তাকর্মী মোতায়েনই ছিল প্রধান বিষয়, এখন একটি প্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা অনেক বেশি জরুরি।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা প্রমাণ করেছে যে ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি কতটা প্রয়োজন। একই সঙ্গে গুজব প্রতিরোধ এবং সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতেও আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের তথ্য ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগের সঙ্গে ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মতো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সরকারের তথ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনা বাস্তবায়নেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে প্রচলিত দায়িত্বের বাইরে এনে সমাজ, রাষ্ট্র ও দেশের কল্যাণে সময়োপযোগীভাবে কাজে লাগানোর উদ্যোগ প্রশংসনীয়। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে বাহিনীটি সৃজনশীল ও আধুনিক চিন্তার পরিচয় দিয়েছে।
মন্ত্রী বাহিনীর মহাপরিচালক সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর ও গতিশীল কার্যক্রমেরও প্রশংসা করেন।
তিনি বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুরোনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে ডিজিটাল বাস্তবতাকে গ্রহণ করা। এজন্য নতুন জ্ঞান অর্জন, দক্ষ জনবল তৈরি, প্রযুক্তিনির্ভর কর্মপরিকল্পনা প্রণয়ন এবং ডিজিটাল নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ শুধু একটি ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম নয়; এটি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য একটি মডেল হতে পারে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত উদ্ভাবন ও সক্ষমতা বৃদ্ধি না করলে আজকের আধুনিক উদ্যোগও ভবিষ্যতে অচল হয়ে যেতে পারে বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানের শেষে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।