নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খানের স্থলাভিষিক্ত হয়েছেন।
বুধবার (১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামী ব্যাংক বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সংস্থার শরিয়াহ বোর্ডে বিশেষজ্ঞ সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন কওমি মাদরাসায় শায়খুল হাদিস হিসেবে পাঠদান ও ধর্মীয় খেদমত করে আসছেন।
দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন নবনিযুক্ত মহাপরিচালক। এ সময় মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।