নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বরাদ্দপত্র হস্তান্তর করেন।
স্থানীয় সরকার বিভাগের সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় ৬৫ জন বিরোধীদলীয় সংসদ সদস্যের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য জনপ্রতি ৩০ লাখ টাকা করে বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এবং সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান প্রতীকীভাবে বরাদ্দপত্র গ্রহণ করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই বিশেষ বরাদ্দের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।