নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণীর উষ্ণ অভ্যর্থনা এবং আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক কৃতজ্ঞতাসূচক বিবৃতিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বিবৃতিতে তারেক রহমান বলেন, তিনি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তায় গভীরভাবে মুগ্ধ। তিনি বলেন, মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ তাদের অভিভূত করেছে।
প্রধানমন্ত্রী জানান, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক কেবল পারস্পরিক সহযোগিতা ও সমৃদ্ধির ক্ষেত্রেই নয়, আঞ্চলিক উন্নয়ন ও অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিবৃতিতে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, বহু দশক আগে তার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল, তা আজও দুই দেশের সম্পর্ককে শক্তিশালী ভিত্তি প্রদান করছে।
এ সময় মালয়েশিয়ার মহামান্য রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। সাক্ষাতে রাজা যে আন্তরিকতা ও সৌজন্য প্রদর্শন করেছেন, তার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা সহযোগিতা ও যোগাযোগ সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।
প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি আগ্রহী। পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণ ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।