নিজস্ব প্রতিবেদক
বিশ্বের অন্যতম গুরুতর চ্যালেঞ্জ পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এশিয়া ন্যাশনাল অ্যাসেম্বলি ওয়াটার কনসালটেটিভ বোর্ড (এএডব্লিউসি)-এর জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে-এর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, পানি সংকট বর্তমানে বৈশ্বিক পর্যায়ে এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এটি বাংলাদেশসহ অনেক দেশের জন্য জীবন-মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো—পাকিস্তান, ভারত ও বাংলাদেশের কথা উল্লেখ করে বলেন, এই অঞ্চলে পানির সংকট আরও গভীর আকার ধারণ করেছে।
তিনি আরও বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রেখেছে।
সাক্ষাতে এএডব্লিউসি-এর জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান এবং বৈশ্বিক পানি সংকট মোকাবিলায় সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি ২০২৬ সালে লাওসে অনুষ্ঠিতব্য এএডব্লিউসি-এর বার্ষিক সম্মেলনে স্পিকারকে আমন্ত্রণ জানান।
স্পিকার এএডব্লিউসি-এর চলমান উদ্যোগের প্রশংসা করে বলেন, একটি আইনি কাঠামোর মাধ্যমে পানি সমস্যা সমাধানে সংগঠনটির প্রচেষ্টা প্রশংসনীয়। তিনি বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের এই লেজিসলেটিভ কার্যক্রমে যুক্ত করার সুপারিশ করবেন বলেও আশ্বাস দেন।
তিনি আরও জানান, লাওসে অনুষ্ঠিতব্য পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ থাকবে।
উল্লেখ্য, এএডব্লিউসি হলো এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।