নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
ছবি:
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদফতরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মাঠে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, “আমি মনে করি তারা প্রতীকী কারণে মাঠে রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, সেটি নির্ধারণ করবে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, তা নির্ধারিত হবে।”
তিনি বলেন, “বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ রয়েছে। এই অবস্থায় দলটি কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর করার তেমন কিছু নেই। তারা প্রতীকী কারণে মাঠে থাকতে পারে এবং বিভিন্ন বক্তব্য দিতে পারে।”
ডা. জাহেদ আরও বলেন, “আমি মনে করি না আওয়ামী লীগের কিছু করার নৈতিক সাহস আছে। কোনো কিছু করতে হলে নৈতিক সাহস প্রয়োজন। অতীতের কর্মকাণ্ডের কারণে তাদের সেই নৈতিক অবস্থান নেই। নৈতিক সাহসের অভাবে তারা জনগণের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে না।”