Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইরান যুদ্ধে চাপে মার্কিন আধিপত্য, নতুন সমীকরণের মুখে বিশ্বরাজনীতি ● নরসিংদীতে বিদ্যুতের খুঁটিতে উঠে তার চুরির চেষ্টা, প্রাণ গেল যুবকের ● জলবায়ু ঝুঁকিতে ৬ কোটি শিশু, অর্থায়নে উপেক্ষিত তাদের সুরক্ষা ● ‘পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী’ ● ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান ● ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি ● যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চায় ভারত ● সাদা শাড়িতে লাল শাপলার মাঝে সুমাইয়া শিমু ● বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান ● যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিবিসি বাংলার প্রতিবেদন

যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চায় ভারত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৫:২৪ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০৬:১৫ পিএম
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চায় ভারত

যেভাবে বাংলাদেশের সামরিক বিমানে চড়ে ভারতে গিয়েছিলেন, ঠিক সেভাবেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে চায় ভারত। এ ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনীকে তাঁর প্রত্যাবর্তনের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করার শর্তও দিতে চায় ভারত। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার প্রত্যাবর্তন সহজ করতে দুটি প্রধান শর্ত সামনে এনেছে ভারত। প্রথমত, বাংলাদেশ সেনাবাহিনীকে তাঁর দেশে ফেরার দায়িত্ব নিতে হবে। এ জন্য একটি সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে আনার প্রস্তাব রয়েছে। কারণ, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর বাংলাদেশের সামরিক বিমানেই তিনি ভারতে পৌঁছেছিলেন। তবে স্থলসীমান্তের নির্দিষ্ট কোনো পয়েন্ট দিয়েও বাংলাদেশি সেনাসদস্যরা তাঁকে গ্রহণ করতে পারেন।

দ্বিতীয়ত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল এবং নতুন করে স্বচ্ছ বিচারের নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে দীর্ঘ অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নয়াদিল্লির জন্য বিব্রতকর হয়ে উঠছে। আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের দায়ে দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ভারত।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় নীতিনির্ধারকরা প্রথমে চেয়েছিলেন শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান। এ বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করেও ইতিবাচক ফল পাওয়া যায়নি। ফলে তাঁকে দেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়াকেই এখন বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি। ভারতের ধারণা, শেখ হাসিনা দেশে না ফিরলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোও কঠিন হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, ‘আমরা জেনেশুনে তাঁকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য হস্তান্তর করতে পারি না। বরং আমরা চাইব তিনি যেন নতুন করে ন্যায়বিচারের সুযোগ পান।’ ভারত চায়, আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন হোক।

এ ছাড়া ভারতীয় সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দিতে হবে।

বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও প্রত্যর্পণ চুক্তির আইনি দিক পর্যালোচনার কথা বলে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে ভারত। তবে আসামি হিসেবে কোনো বাংলাদেশি বিমানে তাঁকে তুলে দিতে চায় না নয়াদিল্লি। কারণ, এতে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশের মিত্র নেতাদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে বলে মনে করছে ভারত।

তবে গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে অঘোষিত বৈঠক করেন। ভারতীয় সামরিক সূত্রের দাবি, শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতেই এ বৈঠক হয়েছিল।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তাঁদের নিয়মিত সাপ্তাহিক যোগাযোগ রয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান স্বাভাবিক সম্পর্ক শেখ হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্রেও কাজে লাগাতে চায় ভারত বলে সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত।

বিবিসি বাংলার প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

তবে জ্বালানি সংকট ও পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করা বাংলাদেশের বর্তমান সরকার আদৌ শেখ হাসিনাকে এখন দেশে ফেরাতে চায় কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ভারতীয় কর্মকর্তাদের। তাঁদের আশঙ্কা, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।

নয়াদিল্লির সাউথ ব্লকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শর্ত পূরণ না হওয়ায় ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা কঠিন—এটি জেনেও তাঁর ফেরার ঘোষণায় ভারত সম্মতি দিয়েছে। ওই কর্মকর্তার ভাষায়, ‘অন্তত আমরা তখন বলতে পারব যে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দেখানোয় তা সম্ভব হয়নি।’

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। শেষ পর্যন্ত ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরতে না পারলেও তাঁর ভারতে অবস্থান দীর্ঘায়িত করার পক্ষে নয়াদিল্লির হাতে নতুন যুক্তি তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)