নিজস্ব প্রতিবেদক
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের প্রায় ছয় কোটি শিশু। অথচ বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ২ দশমিক ৪ শতাংশ অর্থ ব্যয় হচ্ছে শিশু-সংবেদনশীল কার্যক্রমে। বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ জলবায়ু অর্থায়ন পেলেও এর সুফল শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। এমন পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ এবং অর্থপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক ও জলবায়ু বিশেষজ্ঞরা।
তাঁরা বলেন, জলবায়ু অর্থায়নের পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন—প্রতিটি পর্যায়ে শিশুদের প্রয়োজন ও সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা, আগাম সতর্কবার্তা ও শিক্ষা খাতে কমিউনিটিভিত্তিক উদ্যোগে বিনিয়োগ বাড়ানো জরুরি।
শনিবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে শিশু: শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন উন্মুক্ত করা’ শীর্ষক এক সেশনে বক্তারা এসব কথা বলেন। সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ আয়োজিত এ অধিবেশনটি সম্মেলনের শিশু, যুব, শিক্ষা ও দক্ষতাবিষয়ক থিম্যাটিক দিবসের অংশ ছিল।
সেশনে উপস্থাপিত ইউনিসেফের ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ৫ কোটি ৯০ লাখ শিশু অন্তত একটি জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৩০ লাখ শিশু একসঙ্গে তিন বা তার বেশি ধরনের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে, বিশ্বের প্রধান জলবায়ু তহবিলগুলোর মাত্র ২ দশমিক ৪ শতাংশ অর্থ শিশু-সংবেদনশীল কার্যক্রমে ব্যয় হয়। ২০২৩ সালের এক বিশ্লেষণে প্রকৃত বরাদ্দ আরও কম হওয়ার আশঙ্কা তুলে ধরা হয়েছে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশুদের রক্ষায় বিচ্ছিন্ন কোনো উদ্যোগ যথেষ্ট নয়। নিরাপদ বিদ্যালয়, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও কার্যকর আগাম সতর্কবার্তা ব্যবস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কিন্তু বিদ্যমান জলবায়ু অর্থায়ন কাঠামোয় শিশুদের এসব প্রয়োজন যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে তিনটি অগ্রাধিকার তুলে ধরেন বক্তারা। এগুলো হলো—জলবায়ু অর্থায়নের পরিকল্পনা, পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির প্রতিটি পর্যায়ে শিশুদের স্বার্থ নিশ্চিত করা; পানি, স্বাস্থ্য, আগাম সতর্কবার্তা ও শিক্ষা খাতে পরীক্ষিত কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগে বিনিয়োগ বাড়ানো এবং জাতীয় ও বৈশ্বিক জলবায়ু তহবিলে শিক্ষা খাতের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের সুযোগ তৈরি করা।
এ সময় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের চারটি কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগের উদাহরণ তুলে ধরা হয়। এর মধ্যে সাতক্ষীরা রেজিলিয়েন্ট ওয়াটার সিস্টেমস উল্লেখযোগ্য। ২০২৪ সালের মে মাসে ঘূর্ণিঝড় রেমালের সময় এ উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষের জন্য নিরাপদ পানির সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছিল।
সেশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ উইংয়ের অতিরিক্ত সচিব ও প্রধান এ কে এম সোহেল বলেন, বাংলাদেশ জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পাচ্ছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থও আসছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জলবায়ু অর্থায়ন কাঠামোয় শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী যথাযথভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
বক্তারা আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শিশুদের শুধু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হিসেবে দেখলে চলবে না; বরং অর্থায়ন ও নীতিনির্ধারণের কেন্দ্রেও তাদের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য কার্যকর অর্থায়নব্যবস্থা গড়ে তোলা না গেলে জলবায়ু অভিযোজনের সুফল সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো কঠিন হবে।