নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর ও একজন নারী রয়েছেন।
ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি রড ও একটি করাত কাটার চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হাসনাইন হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে বলে জানান ওসি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এই চক্রের সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের লক্ষ্য করতেন। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা নারীদের অসতর্কতার সুযোগ নিয়ে তাঁদের ব্যাগ থেকে মোবাইল ফোন, টাকাপয়সাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন তাঁরা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার এই কর্মকর্তা।