নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে হুথি বিদ্রোহীদের একাধিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলায় দুই বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
বাংলাদেশ সরকার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেকোনো ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে এবং কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।