আন্তর্জাতিক ডেস্ক
কাতারে আটক ইরানি পাইলটদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের দ্রুত স্থলভাগে এনে হাসপাতালে চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির দাবি, আটক পাইলটদের জলভাগে রাখা হয়েছে এবং সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তিদের সন্ধানবিষয়ক কমিটির কমান্ডার মোহাম্মদ বাঘেরজাদেহ শনিবার (২২ আগস্ট) এ আহ্বান জানান। দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বাঘেরজাদেহের দাবি, আটক ইরানি পাইলটদের যে স্থানে রাখা হয়েছে, সেটি তাদের চিকিৎসা ও থাকার জন্য উপযুক্ত নয়। তার ভাষ্য অনুযায়ী, পাইলটরা বর্তমানে জলাশয়ের ওপর কোনো জাহাজ বা নৌযানে আটক রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
এ অবস্থায় পাইলটদের দ্রুত কাতারের স্থলভাগে স্থানান্তর করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি অসুস্থ ও আহত বন্দীদের দ্রুত ইরানে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতা কামনা করেন এই ইরানি কর্মকর্তা।
বাঘেরজাদেহ আরও বলেন, আটক পাইলটদের শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত করা প্রয়োজন। এ জন্য কাতারে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করতেও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানান তিনি।
তবে তাসনিমের প্রতিবেদনে আটক পাইলটের সংখ্যা, তারা ঠিক কোথায় আটক রয়েছেন কিংবা কী পরিস্থিতিতে কাতারের হেফাজতে গেছেন—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে কাতার সরকারের কোনো বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: আরব নিউজ