আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো প্রদেশে ডুবে যাওয়া নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। যাত্রীদের অধিকাংশই শিশু ছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানান, গোরোনি এলাকার গোরাউয়ের কাছে এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, ধান কাটার কাজে কৃষিজমিতে যাওয়ার সময় জমির মালিক, শ্রমিক ও শিশুদের নিয়ে নৌকাটি যাত্রা করছিল বলে ধারণা করা হচ্ছে।
ওই প্রত্যক্ষদর্শী জানান, তিনি প্রায় ৫০টি মরদেহ দেখতে পেয়েছেন। অনেক মরদেহ মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো অবস্থায় স্থানীয় একটি মসজিদের সামনে রাখা হয়েছিল। পরে সেগুলো দাফনের প্রস্তুতি নেওয়া হয়।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র ইজেকিয়েল মানজো বিবিসিকে বলেন, গোরাউ অত্যন্ত দুর্গম এলাকা এবং উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।
নাইজেরিয়ায় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা বিধি কার্যকরে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
গত মাসে জিগাওয়া প্রদেশে নৌকা উল্টে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। চলতি বছরের জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে প্রদেশে কৃষক ও জেলেদের নিয়ে যাওয়ার সময় একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নাইজার নদী থেকে ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়। সে সময় ২০০ জনের বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গিয়েছিল বলে ধারণা করা হয়।
নৌযান দুর্ঘটনা কমাতে নিরাপদ নৌকা ও লাইফ জ্যাকেট সরবরাহ, নৌপথ খনন, ঘাট ও টার্মিনালে জলপথের নিরাপত্তাকর্মী মোতায়েন এবং নৌকার চালকদের যথাযথ প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার গ্রামীণ অঞ্চলের লাখো মানুষের জন্য নদীপথ গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। সড়কের দুরবস্থা ও সেতুর অভাবের কারণে অনেক এলাকায় মানুষ ও পণ্য পরিবহনে কাঠের নৌকার ওপর নির্ভর করতে হয়।