নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বারবার ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছেন নতুন দায়িত্ব পাওয়া স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিন দুপুরে নতুন দায়িত্ব পাওয়া কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং মন্ত্রীরা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
ড. আবদুল মঈন খান বলেন, ‘বিএনপি বারবার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর কোটি কোটি মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশকে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছেন।’
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে মঈন খান বলেন, ‘দেশের একটি ক্রান্তিকালে মানুষ যখন দিক-নির্দেশনাহীন ছিল এবং স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় এসেছিল, তখন নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করা একটি রাজনৈতিক দল দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল। সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও দেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বারবার বাধাগ্রস্ত হয়েছে। আর বিএনপি প্রতিবারই নতুন করে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।’
এর আগে দুপুর সোয়া ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ স্মৃতিসৌধে পৌঁছান। দুপুর ১টা ৫২ মিনিটে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরা পৃথকভাবে জাতীয় স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।