ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ১৪ উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘ডিসি’জ অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস’ পুরস্কার দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তাঁর সম্মেলন কক্ষে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে পুরস্কারের ক্রেস্ট ও পরিচ্ছন্নতা সামগ্রী তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন অর্থবছরের শুরুতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন ময়মনসিংহ’-এর আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচালিত ‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ, তেমনি এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। পুরস্কারপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘লিড উইথ এক্সাম্পল’। শুধু নির্দেশ দিলেই হবে না; নিজেদের হাতে কাজ করে উদাহরণ সৃষ্টি এবং নেতৃত্ব দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কাজে উৎসাহিত করতে হবে।
জেলার নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করতে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও অফিস প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, ময়মনসিংহের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সপ্তাহে একদিন ‘ক্লিন সানডে’ এবং বৃক্ষরোপণ কর্মসূচি চালু রয়েছে। টেকসই পরিবেশ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে জেলার সবাইকে এসব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—ময়মনসিংহ সদর উপজেলার হলি ফ্যামিলি হাই স্কুল, ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, তারাকান্দার বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুরের শেখ লেবু পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের চরনিখোলা উচ্চ বিদ্যালয়, নান্দাইলের হালীউড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকা সরকারি কলেজ, ফুলবাড়িয়ার দত্ত পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাগাছার নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং দক্ষিণ গফরগাঁওয়ের হাতেমতাই উচ্চ বিদ্যালয়।