স্টাফ রিপোর্টার
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ রিট আবেদন করেন।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের প্রধান এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টারের প্রধানকে বিবাদী করা হয়েছে।
আবেদনকারী আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু বলেন, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলেও মিথ্যা তথ্য, গুজব, সাইবার হয়রানি ও মানহানিকর প্রচারণা কখনোই মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে না। রাষ্ট্রের ভাবমূর্তি, আইনের শাসন ও জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
তিনি জানান, রিট আবেদনের সঙ্গে বিভিন্ন অনলাইন কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা প্রতিনিধিত্বপত্র সংযুক্ত করা হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনিবন্ধিত অনলাইন পোর্টালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। একটি কুচক্রী মহল বিশেষ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে, যা সমাজে বিভ্রান্তি ও অবক্ষয়ের পরিবেশ সৃষ্টি করছে।
আবেদনে আরও বলা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ ও আবেদন জানানো হলেও কার্যকর কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে।
রিটে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও অপপ্রচারমূলক ফেসবুক পেজগুলো বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।