Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে ধসে পড়ার পাঁচ মাসেও ব্রিজ পুনর্নির্মাণের উদ্যোগ নেই

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৪:৩০ পিএম
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর,২০২৬, ০৪:৪৮ পিএম
লালমোহনে ধসে পড়ার পাঁচ মাসেও ব্রিজ পুনর্নির্মাণের উদ্যোগ নেই

rupalibangla লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের ভেঙে পড়া ব্রিজ। ছবি:

এক কিলোমিটার পথ পাড়ি দিতে এখন ঘুরতে হচ্ছে পাঁচ কিলোমিটার। ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালের ওপরের ব্রিজটি ভেঙে পড়ায় এমন দুর্ভোগে পড়েছেন রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজারো মানুষ। ভেঙে পড়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি পুনর্নির্মাণের কাজ।

বর্তমানে ভাঙা ব্রিজের ওপর সুপারি গাছ ফেলে তৈরি করা হয়েছে অস্থায়ী সাঁকো। ঝুঁকি নিয়ে সেই সাঁকো দিয়েই খাল পার হচ্ছেন স্থানীয়রা।

ব্রিজটি উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব পাশের বেতুয়া খালের ওপর। প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের লোহার ব্রিজটি ছিল রমাগঞ্জের সঙ্গে ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ব্রিজ দিয়ে স্থানীয়রা হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত করতেন।

চলতি বছরের ২৩ জুন বালুভর্তি একটি ট্রাক ব্রিজ দিয়ে ধলীগৌরনগর ইউনিয়নের দিকে যাওয়ার সময় বিকট শব্দে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এতে চালক নিহত হন, আহত হন হেলপার। দুর্ঘটনার পর থেকে ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ। যানবাহন চলাচলের সুযোগ না থাকায় এক কিলোমিটারের পথ পাড়ি দিতে সড়কপথে ঘুরতে হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার।

স্থানীয় বাসিন্দা মো. মফিজ, নূরুল ইসলাম ও মো. কবির বলেন, ব্রিজটি ছিল বেতুয়া খালের দুই পাড়ের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এটি ভেঙে যাওয়ায় গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্স যাওয়ার সুযোগ নেই। সুপারি গাছের অস্থায়ী সাঁকো দিয়ে কোনোরকমে হেঁটে পার হওয়া গেলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চলাচল আরও কঠিন। ভারী মালামাল ও কৃষিযন্ত্র পারাপারেরও সুযোগ নেই।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিলে দুর্ঘটনা এড়ানো যেত।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়নকাজ শুরু করার সুযোগ নেই। ৪৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে ব্রিজটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্য প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)