Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● ইউনূস সরকারের রহস্যজনক সিদ্ধান্তে আটকা ৭৮৬ কোটি টাকা ● ঢাকার আবহাওয়া যেমন থাকবে আজ ● মহিপুরের শুঁটকি পল্লীতে শুকানো হচ্ছে নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও হাঙর ● প্রাথমিক শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ● জাপানের মধ্যাঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২ ● শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ ● চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ ● আর কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ● চরফ্যাশনে ময়লার ভাগাড় বন্ধ, সৌন্দর্যবর্ধনে গাছ রোপণ ● প্রথম বিদেশি হিসেবে চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহিপুরের শুঁটকি পল্লীতে শুকানো হচ্ছে নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও হাঙর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ১০:১৫ এ এম
মহিপুরের শুঁটকি পল্লীতে শুকানো হচ্ছে নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও হাঙর

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার নজিবপুর শুঁটকি পল্লীতে অবৈধভাবে শাপলাপাতা মাছ ও হাঙর শুকানোর অভিযোগ উঠেছে। উপকূলীয় এ জনপদের বিভিন্ন শুঁটকি পল্লীতে সংরক্ষিত সামুদ্রিক প্রজাতির এসব মাছ প্রক্রিয়াজাত করা হচ্ছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গত ৬ নভেম্বর সরেজমিনে মহিপুরের নজিবপুর এলাকার খালগোড়া শুঁটকি পল্লীতে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ শুকানোর জন্য প্রক্রিয়াজাত করা হচ্ছে। এসব মাছের মধ্যে শাপলাপাতা ও হাঙরও রয়েছে।

সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন প্রজাতির মাছ আহরণ, পরিবহন, বিক্রি ও সংরক্ষণে সরকারি বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে সংরক্ষিত প্রজাতির শাপলাপাতা মাছ ও হাঙর আহরণ এবং বাণিজ্যিকভাবে প্রক্রিয়াজাতকরণ সামুদ্রিক সম্পদের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

শহিদুল ফরাজি নামে এক শুঁটকি ব্যবসায়ীর প্রতিষ্ঠানে শাপলাপাতা মাছ ও হাঙর প্রক্রিয়াজাত করতে দেখে এ বিষয়ে জানতে চাইলে তিনি মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার অনুমোদন থাকার কথা দাবি করেন। একই সঙ্গে এ বিষয়ে জানতে শুঁটকি ব্যবসায়ী শিপনের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

শহিদুল ফরাজির প্রতিষ্ঠানের পাশেই শিপনের আরেকটি বড় শুঁটকি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান রয়েছে। সেখানেও বিভিন্ন প্রজাতির শাপলাপাতা মাছ ও হাঙর শুকাতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে শিপন বলেন, ‘আমরা বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে জানি না। তবে শাপলাপাতা ও কিছু প্রজাতির হাঙর ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ নিষিদ্ধ, তা জানি। আমাদের এ বিষয়ে জানানো হলে আমরা আর এসব মাছ শুঁটকি তৈরির জন্য কিনব না।’

এ বিষয়ে মহিপুর বন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০২৬ অনুযায়ী শাপলাপাতা মাছ ও হাঙর ধরা, ক্রয়-বিক্রয় এবং সংরক্ষণ সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কোনো কাজের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

স্থানীয়দের মতে, উপকূলীয় এলাকায় সামুদ্রিক মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণে যথাযথ নজরদারি না থাকলে নিষিদ্ধ ও সংরক্ষিত প্রজাতির মাছের বাণিজ্য বন্ধ করা কঠিন। তাই শুঁটকি পল্লীগুলোতে নিয়মিত তদারকি এবং অবৈধ আহরণ ও বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)