শীর্ষ নেতারা কে কোন পদে থাকছেন
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানের তরুণদের উদ্যোগে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কমিটি চূড়ান্ত করা হয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে নতুন কমিটি। যেকোনো সময় এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে ১৬ জন সদস্য থাকছেন। এ পর্ষদের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পালন করবেন।
অন্য সদস্যদের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে থাকছেন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হচ্ছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসেন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম।
সূত্রমতে, আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া রাজনৈতিক পর্ষদের বাকি ১৪ সদস্য বিভিন্ন বিশেষায়িত উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ১১ দলীয় ঐক্য ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সাংগঠনিক উপকমিটির প্রধান সারজিস আলম, আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, অর্থ ও বাণিজ্য বিষয়ক উপকমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন এবং মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার।
এ ছাড়া গবেষণাবিষয়ক উপকমিটির প্রধান সালেহ উদ্দিন সিফাত, নারী বিষয়ক উপকমিটির প্রধান মাহমুদা মিতু এবং জুলাই গণহত্যার বিচার ও জুলাইভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে লিয়াজোঁবিষয়ক উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন নুসরাত তাবাসসুম।
সূত্র জানায়, প্রতিটি উপকমিটিতে কেন্দ্রীয় কমিটির সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। উদাহরণ হিসেবে, ২৩ সদস্যের সাংগঠনিক উপকমিটিতে থাকবেন ১০ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ১০ জন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে এ উপকমিটির উপপ্রধান করা হবে।
দলটিতে ৩০ থেকে ৩৫টি কেন্দ্রীয় বিশেষায়িত সেল গঠনের পরিকল্পনাও রয়েছে। কেন্দ্রীয় কমিটির বিভিন্ন বিষয়ক সম্পাদক এসব সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট সেলগুলোতে সহসম্পাদকদেরও অন্তর্ভুক্ত করা হবে।
এ বিষয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়াবিষয়ক উপকমিটির প্রধান সারোয়ার তুষার বলেন, “এনসিপি পুনর্গঠিত হচ্ছে। এই প্রক্রিয়া দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা করে প্রায় চূড়ান্ত করা হয়েছে। এটি যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।”