লালমোহন (ভোলা) প্রতিনিধি
দুর্গা আসছেন, চারদিকে উৎসবের আবহ। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকের বাদ্য আর নতুন সাজে মণ্ডপ ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বইছে আনন্দ-উচ্ছ্বাস। সব মিলিয়ে ভোলার লালমোহনে শারদীয় দুর্গোৎসব ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এ বছর উপজেলায় ২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার মণ্ডপ বেড়েছে ৪টি।
উপজেলার মধ্যে পৌরসভায় ২টি, কালমা ইউনিয়নে ৫টি, পশ্চিম চরউমেদে ৪টি, চরভূতা ইউনিয়নে ২টি, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে ৬টি, ধলীগৌরনগর ইউনিয়নে ২টি এবং রমাগঞ্জ ইউনিয়নে ২টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে মূল পূজা। ২০ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের আয়োজন। সনাতন বিশ্বাস অনুযায়ী এবার দেবীর আগমন ঘোড়ায় ও গমন নৌকায়।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিরব কুমার দে বলেন, দুর্গোৎসব ঘিরে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, প্রতিটি মণ্ডপের নিরাপত্তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মণ্ডপে সিসি ক্যামেরা, জেনারেটর ও স্বেচ্ছাসেবক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ ও আনসার মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও থাকবে। সরকারি তহবিল থেকে প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।