ময়মনসিংহ প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে অবশেষে বন্ধ হলো ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া সেতুর অবৈধ টোল আদায়। এতে পরিবহণচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বস্তিতে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে এলাকাবাসী ও পরিবহণচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে প্রতিমন্ত্রীর নির্দেশনায় টোল আদায় কার্যক্রম পুরোপুরি স্থগিত ঘোষণা করা হয়।
ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়া সেতুর টোল আদায় ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ ছিল। কিন্তু আবার অবৈধভাবে টোল আদায় শুরু করলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা ও পরিবহণচালকরা নান্দাইল-ত্রিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং টোলঘর ভাঙচুর করে। পরে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় সেতুর অবৈধ টোল আদায় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এই ঘোষণার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।
স্থানীয় এক পরিবহণচালক বলেন, ‘এই সেতুতে টোলের নামে জোর করে টাকা নেওয়া হচ্ছিল, যা সম্পূর্ণ অন্যায়। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে টোল আদায়ের ভোগান্তি থেকে মুক্ত হলাম।’
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, ‘যে চক্রটি টোল আদায়ের সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।’