টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন সৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার তিনটি মরদেহ উদ্ধারের পর শুক্রবার আরও একটি কঙ্কাল উদ্ধার হওয়ায় দুই দিনের ব্যবধানে মোট চারটি মরদেহ ও কঙ্কাল উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন সৈকতে জোয়ারের পানিতে কঙ্কালটি ভেসে আসতে দেখে স্থানীয়রা শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জীব জানান, মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় পচে কঙ্কালে পরিণত হয়েছে। এর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, সমুদ্রপথে কোনো ট্রলারডুবি অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় কঙ্কালটি ভেসে আসতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে বুধবার শাহপরীর দ্বীপ, রাজারছড়া সৈকত ও সেন্ট মার্টিন দ্বীপের সৈকত থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। পরপর চারটি মরদেহ ও মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় এর উৎস ও প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।