স্পোর্টস ডেস্ক
আফ্রিকার পরাশক্তি মরক্কোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালিস্ট হয়েছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলেছে দিদিয়ের দেশামের শিষ্যরা। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে জয় নিশ্চিত করে শেষ চারে জায়গা করে নেয় লে ব্লুরা।
ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায় ফ্রান্স। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর দৃঢ়তায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।
২৫তম মিনিটে নুসাইর মাজরাউয়ির ফাউলে পেনাল্টি পায় ফ্রান্স। ভিএআরে সিদ্ধান্ত পর্যালোচনা করেও রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন। স্পট কিক নিতে আসেন কিলিয়ান এমবাপ্পে। তবে তার নিচু শট দুর্দান্ত ডাইভ দিয়ে ফিরিয়ে দেন ইয়াসিন বুনু।
৩২তম মিনিটে দেজিরে দুয়ের একক প্রচেষ্টাও ব্যর্থ করে দেন মরক্কোর এই গোলরক্ষক। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ম্যাচের ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে অবশেষে জালের দেখা পান অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার শক্তিশালী শট রক্ষণভাগ ভেদ করে জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।
গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে ফরাসিরা। ৭১তম মিনিটে এমবাপ্পের চমৎকার এক পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে শট নেন উসমান দেম্বেলে। শটটি ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে গোলরক্ষক বুনুকে পরাস্ত করে জালে জড়ায়। তাতেই ব্যবধান দাঁড়ায় ২-০।
বাকি সময়ে মরক্কো ব্যবধান কমানোর চেষ্টা করলেও ফ্রান্সের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের।