Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শনিবার, ১১ জুলাই ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৯:৫৫ পিএম
তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: প্রেসিডেন্ট

rupalibangla প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। ছবি:

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বলেছেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি। রাষ্ট্রের কাছে নতুন প্রজন্মের প্রত্যাশা হলো তাদের মৌলিক চাহিদা পূরণ এবং ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নের সমান সুযোগ নিশ্চিত করা।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ এবং দেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী তরুণ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি বলেন, এবারের প্রতিপাদ্য— ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমান সরকার যুবসমাজকে সুশিক্ষিত, দক্ষ, স্বাবলম্বী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে তরুণদের সক্ষমতা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ, সহিংসতাসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে। এসব উদ্যোগ তরুণ প্রজন্মের বিকাশ, জীবনমান উন্নয়ন এবং দেশের সামাজিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণীতে প্রেসিডেন্ট বলেন, সুস্বাস্থ্য ও পরিকল্পিত পরিবার একটি কর্মক্ষম জাতি এবং টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বশর্ত। তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশুস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও সর্বজনীন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারুণ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং সমাজের সব অংশীজনকে এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার এবং মানসম্মত পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)