নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি থেকে নির্বাচিত সরোয়ার আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ মন্ত্রিসভার সদস্য এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীরের নাম গেজেট আকারে প্রকাশ করে। ইসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব (চ. দা.) এ এস এম ইকবাল হাসানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ নম্বর চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানাসংবলিত প্রজ্ঞাপন ৯ জুলাই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে। এ-সংক্রান্ত চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি)সহ ১৮টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।
এর আগে একই দিন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালতের ওই রায়ের পর নির্বাচন কমিশন তাকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে। পরে সন্ধ্যায় তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।