রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে ছাত্রদলের বিরুদ্ধে সিট দখলের অভিযোগে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আজ সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিবিরের নেতা-কর্মীদের হাতে 'প্রভোস্ট ও ছাত্রদলের যৌথ প্রযোজনার সিট দখল রুখে দাও', 'দলীয় বিবেচনায় সিট বণ্টন বন্ধ করো', 'আদু ভাইয়েরা হল ছাড়বে কবে?' ইত্যাদি লেখা সংবলিত বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।
কর্মসূচিতে আবাসিক হলের সিট বণ্টন নিয়ে প্রশাসনের কাছে তিনটি দাবি জানায় তারা। দাবিগুলো হলো— অনতিবিলম্বে যেসব শিক্ষার্থী অবৈধভাবে হলে আছে তাদের সিট বাতিল করা; পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যমান নিয়ম অনুসারে সাধারণ শিক্ষার্থীদের সিট প্রদান করা এবং হলের সিট বণ্টন নিয়ে একটি স্বচ্ছ ওয়েবসাইট তৈরি করা যাতে কোন হলে কতজন শিক্ষার্থী রয়েছে এবং ফাঁকা আসন সংখ্যা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সহজেই জানতে পারে।
মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, '২৪ পরবর্তী সময়ে হল দখল ও সিট বাণিজ্যের কবর রচিত হয়েছিল। কিন্তু ছাত্রদল আবারও হলগুলো দখলের পাঁয়তারা করছে। শুধুমাত্র দলীয় বিবেচনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হলে সিট দেওয়া হচ্ছে।'
তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এই হল দখলের পাঁয়তারা বন্ধ করতে হবে। অন্যথায়, চব্বিশ পরবর্তী সময়ে যে লাঞ্ছনার মাধ্যমে পূর্বের প্রশাসনকে বিতাড়িত করা হয়েছিল, তার জন্য আপনারা প্রস্তুত থাকুন।'
এ সময় শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেন, 'আপনারা রাজনীতির নামে ছাত্রলীগের কায়দায় সিট বাণিজ্যের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। ছাত্রশিবির যতদিন আছে, হলগুলোতে সিট দখলের রাজনীতি ফিরতে দেওয়া হবে না।'
কর্মসূচি সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীরা।