বগুড়া প্রতিনিধি
প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম।
ছবি:
প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা উপজেলার বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ জুন) দুপুরে আদালতে হাজির করার পর তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী Mir Shahe Alam-কে নিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে গত ১৫ জুন মামলা দায়ের করা হয়।
মামলার বাদী বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবং দি নিউনেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন। তিনি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক-প্রকাশকসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসান।
বাদীর অভিযোগ, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে তার এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত ১২ জুন বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এছাড়া ১৩ জুন প্রধানমন্ত্রীর জাতীয় সফরকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী সম্পর্কে উসকানিমূলক ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
আদালত প্রাথমিক শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য বগুড়া সদর থানাকে নির্দেশ দেন। পরে সদর থানা সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করে এবং তদন্তভার ডিবি পুলিশের এসআই রহমাতুল্লাহ মানিকের ওপর ন্যস্ত করা হয়।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, তদন্ত কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে রেজানুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ মানিক বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে এ বিষয়ে গ্রেফতার হওয়া সম্পাদক কিংবা তার আইনজীবীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সাংবাদিক মহলে ঘটনাটি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।