রবিউল ইসলাম হৃদয়, ময়মনসিংহ
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টায় বাংলাদেশ প্রেসক্লাব ত্রিশাল উপজেলা শাখার সামনে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ কোনো অপরাধ নয়; বরং এটি সাংবাদিকদের পেশাগত ও নৈতিক দায়িত্ব। জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত।
তারা আরও বলেন, “আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নই, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে। সত্য প্রকাশের কারণে যদি সাংবাদিকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে দুর্নীতিবাজরা উৎসাহিত হবে এবং সাধারণ মানুষ সত্য জানার অধিকার থেকে বঞ্চিত হবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, মোমেনশাহী প্রেসক্লাবের সভাপতি শাহ সুলতান রঞ্জু, ঢাকা প্রেসক্লাবের আজীবন সদস্য রফিকুল ইসলাম টিটু, দৈনিক সংবাদ মোহনা পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মঞ্জুরুল হক বুলবুল, দৈনিক একুশের বাণীর ত্রিশাল প্রতিনিধি ইকবাল হোসেন, দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা শ্যামল, জাগ্রত টিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম এবং দৈনিক দেশবার্তার জেলা প্রতিনিধি নুর মোহাম্মদ আজাদীসহ আরও অনেকে।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।