অর্থনীতি প্রতিবেদক | ঢাকা
মনজুরুর রহমান। ছবি : সংগৃহীত
ছবি:
বিশিষ্ট ব্যবসায়ী মনজুরুর রহমান আগামী দুই বছরের জন্য পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫২০তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে নির্বাচিত করা হয়।
মনজুরুর রহমানের ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা অত্যন্ত দীর্ঘ ও সমৃদ্ধ। ১৯৬৭ সালে পূবালী ব্যাংকের পূর্বসূরি ‘ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক’-এ সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং জগতে প্রবেশ করেন। ১৯৮৩ সালে পূবালী ব্যাংক বেসরকারিকরণ (প্রাইভেটাইজেশন) হওয়ার পর তিনি ১৯৮৫ সালের ২৫ জানুয়ারি থেকে ১৯৮৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২০ সালের ৩১ জুলাই থেকে তিনি টানা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। তার দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি পূবালী ব্যাংকের আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে অবদান রাখা এক স্বনামধন্য ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতের পাশাপাশি দেশের চা শিল্পেও তার ব্যাপক অবদান রয়েছে; তিনি বর্তমানে রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বহুজাতিক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করেছেন।
পারিবারিক পরিচয়ে মনজুরুর রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের কাজী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম খান বাহাদুর মুখলেসুর রহমান ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে (এলএলবি) স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এবং তিনি দেশের একজন সফল টি প্ল্যান্টার (চা চাষী) ছিলেন।