প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফুটবল টিমের আয়োজনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত 'আর্জেন্টিনা বনাম ব্রাজিল' প্রীতি ফুটবল ম্যাচ। এই আয়োজনে ছাত্র ও ছাত্রীদের মাঝে পৃথক দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় ছাত্রীদের ম্যাচের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই আয়োজন শুরু হয়। খেলায় ৪-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা নারী দল জয়লাভ করে। আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও রাকসুর ক্রীড়া সম্পাদক নারগিস খাতুন। পরবর্তীতে অনুষ্ঠিত ছাত্রদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এর আগে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোকসানা বেগম টুকটুকি। অনুষ্ঠানে রাকসুর ভিপি, জিএস সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনটি নিয়ে অনুভূতি ব্যক্ত করে নারগিস খাতুন বলেন, "মূলত আর্জেন্টিনা ও ব্রাজিল দলকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের যে বাড়তি আবেগ, সেটি ক্যাম্পাসে ফুটিয়ে তুলতেই এই ম্যাচের আয়োজন করা হয়েছে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের খেলা দেখার সুবিধার্থে রাকসুর উদ্যোগে বড় পর্দায় (জায়ান্ট স্ক্রিন) বিশ্বকাপ ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে, যা বিশ্বকাপের শেষ পর্যন্ত চলমান থাকবে।"
টানটান উত্তেজনার এই ম্যাচ দুটি স্টেডিয়ামের গ্যালারিতে বসে উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।