নিজস্ব প্রতিবেদক
চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ১ লাখ ডলার প্রবাসী আয়।
সোমবার (১৫ জুন) এ তথ্য জানিয়েছেন আরিফ হোসেন খান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১১৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স। সে তুলনায় এ বছর প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪২৯ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি।
এর আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এরও আগে মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা একক মাসে দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড।
চলতি অর্থবছরে ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে রেমিট্যান্স প্রবাহ। ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। এছাড়া নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।