অর্থনীতি প্রতিবেদক | ঢাকা
মীর নাদিয়া নিভিন।
ছবি:
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এর মাধ্যমে সংস্থাটি তার ইতিহাসের প্রথম নারী চেয়ারম্যান পেল। কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী মীর নাদিয়া নিভিনকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের (লিয়েন বা পদত্যাগ) শর্তে আইডিআরএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে আগামী তিন বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, চেয়ারম্যান হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ জানুয়ারি যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচজন চেয়ারম্যান পেয়েছে আইডিআরএ। সংস্থাটির সর্বশেষ চেয়ারম্যান হিসেবে ২০২৪ সালের সেপ্টেম্বরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব এম আসলাম আলম নিয়োগ পেয়েছিলেন। চলতি বছরের মার্চে তার মেয়াদ বা দায়িত্ব শেষ হওয়ার পর শূন্য হওয়া এই শীর্ষ পদে মীর নাদিয়া নিভিনকে স্থলাভিষিক্ত করা হলো।